কাজিপুরে কুকুরে কামড়ানো গরু ক্রয়-বিক্রয় ২০ লাখ টাকা জরিমানা
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলে কুকুরে কামড়ানো গরু ক্রয়-বিক্রয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে দোষী ব্যক্তিদের গ্রাম্য সালিস বৈঠকে ২০ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছেন স্থানীয় কতিপয় মুরুব্বি। এছাড়াও জরিমানা আদায়ের লক্ষ্যে অভিযুক্তদের ভুট্টা গুদাম তালাবদ্ধ, এবং নানা সামাজিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জানা যায়, উপজেলার চরাঞ্চলের তেকানি ইউনিয়নের কিনারবের গ্রামে বৃদ্ধ কৃষক বাদশা মিয়ার একটি গাভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৩ সেপ্টেম্বর তারিখে পার্শ্ববর্তী জুমার খুকশিয়া গ্রামের গরু ব্যবসায়ী ফিরোজের কাছে ১৭ হাজার টাকা বিক্রি করেন। একই দিন ব্যবসায়ী ফিরোজ অসুস্থ গাভীটি অন্য একজনের কাছে ৬৫ হাজার টাকা বিক্রি করে।
গাভীটির ক্রেতা কসাই জামালপুর জেলায় পাঠিয়ে দেয়। ইতোমধ্যে গাভীটিকে কুকুরে কামড়িয়েছে বলে এলাকায় ছড়িয়ে পড়ে। এতে করে স্থানীয়দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এবং গ্রাম্য সালিস বৈঠক আয়োজন করে মুরব্বিরা। একাধিক তারিখে এবং স্থানে অনুষ্ঠিত সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। প্রথম তারিখে সালিসে গরুর মালিককে ১ লক্ষ টাকা এবং দ্বিতীয় সালিসে গরু মালিককে ১ লক্ষ, ব্যবসায়ীর ৯ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়। মিশ্র প্রতিক্রিয়ায় তৃতীয় সালিসে গরু ক্রেতা কসাই আলাউদ্দিনকে ১০ লক্ষ টাকা জরিমানা ধার্য করে। উভয় সালিসিতে শতাধিক জনগণ উপস্থিত ছিলেন।
গরু মালিক বৃদ্ধ কৃষক বাদশা মিয়ার পুত্রবধূ স্বপ্না (২৫) জানান, গাভীকে কুকুরে কামড়িয়েছে কিনা আমরা জানিনা, গরুটি অসুস্থ মনে হচ্ছিল, তাই ফিরোজের কাছে ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়। কিন্তু কুকুরে কামড়ানোর অভিযোগ তুলে আমাদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ইতিমধ্যেই অন্য দুটি গরু বিক্রি করে জরিমানার টাকা জমা দিয়েছি।
সালিসিতে তেকানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম গাজী মাজহারুল আনোয়ার, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোশ মাহমুদ মাস্টারসহ তেকানি ইউনিয়নের কতিপয় মুরুব্বি উপস্থিত ছিলেন।
জুমার খুকশিয়া গ্রামের গরু ব্যবসায়ী ফিরোজকে বাড়িতে না পেলে তার বৃদ্ধ বাবা চাঁন জানান, ৯ লাখ টাকা জরিমানা ধার্য করা হয়েছে, ১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, ছেলে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতো সেটা বন্ধ করে দেয়া হয়েছে।
গরু ক্রেতা ও কসাই আলাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ৪/৫ শত মন ভুট্টা ভরা গুদাম নাটুয়ারপাড়া বাজারে ব্যাবসায়ী আব্দুল লতিফ সরকার তার লোকজন নিয়ে তালাবদ্ধ করে রেখে গেছে, মাংসের ব্যবসা বন্ধ করে দিয়েছে। জরিমানার ৩৯ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।
তেকানি সালিশ বৈঠকে বিচারক তেকানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম গাজী মাজহারুল আনোয়ার মুঠোফোনে জরিমানার কথা স্বীকার করে জানান, কুকুরে কামড়ানো গরুর চার মন মাংস নাটুয়ারপাড়া এবং তেকানি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েকশত মানুষ কিনে নিয়ে বাড়িতে রান্না করে খেয়েছ, কুকুরে কামড়ানো জেনে তারা সবাই ভ্যাকসিন নিয়েছে, উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে এবং কয়েকশত মানুষকে ভ্যাকসিনের মূল্য ফেরত দিতে জরিমানা ধার্য করা হয়। যাতে এ ধরনের গরু ক্রয় বিক্রয় ও জবাই থেকে বিরত থাকে।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন জানান, বিষয়টি অবগত ছিলেন না, খোঁজ নিয়ে জানবেন তিনি। তবে বিষয়টি বিধিসম্মত নয় জানিয়েছেন।