ভৈরবে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু রাফাতের
কিশোরগঞ্জের ভৈরবে বালুভর্তি ট্রাক্টরকে পাশ দিতে গিয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাফাত মিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের ঝগড়ার চর মধ্যপাড়ায় শহীদ চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফাত ওই এলাকার মো. সালাউদ্দিনের ছেলে।
শিশুটির চাচা কবির আহমেদ জানান, দুর্ঘটনার সময় রাফাত বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় সিদ্দিকচর বাজার থেকে একটি বালুভর্তি ট্রাক্টর আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ট্রাক্টরটিকে পাশ দিতে গিয়ে রাফাতকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আরেক চাচা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে গেলেও তাকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নিহত শিশুর বাবা মো. সালাউদ্দিন জীবিকার প্রয়োজনে লিবিয়ায় থাকেন। পরিবারে রাফাতের ১৩ বছর বয়সী এক ভাই রয়েছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কালিকাপ্রসাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মজিবুর রহমান জানান, অটোরিকশার ধাক্কায় শিশুটির মৃত্যুর খবর তিনি শুনেছেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। খোঁজখবর নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।