কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল, সম্পাদক সেলিম পুনর্নির্বাচিত
নেত্রকোণার কেন্দুয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় মো. সেকুল ইসলাম খানকে সভাপতি এবং মো. আব্দুল হাই সেলিমকে সাধারণ সম্পাদক পদে পুনরায় মনোনীত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে পুরোনো নেতৃত্বের ওপর আস্থা রাখেন সদস্যরা।
‘গ্রাম বাংলার কল্যাণে নিবেদিত হোক সাংবাদিকতা’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নবমনোনীত আজীবন দাতা সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেসক্লাবের উপদেষ্টা সানজিদা চৌধুরী।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিমের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জ্যেষ্ঠ সদস্য হারছে উদ্দিন ফকির, আলমগীর চৌধুরী, আশরাফ উদ্দিন ভূঁইয়া, জ্যেষ্ঠ সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাসসহ প্রেসক্লাবের সদস্যরা।
সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতা এবং স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, সাংবাদিকতার কাজ কেবল সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের অসংগতি তুলে ধরা, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গ্রামীণ জনপদের উন্নয়ন ও কল্যাণেও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। এ জন্য সততা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করার ওপর গুরুত্ব দেন তারা।
আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের আলোচনার ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। পুনর্নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।