এসএসসি বৃত্তিতে নড়াইলে শীর্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলে নড়াইল জেলায় প্রথম স্থান অর্জন করেছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে একজন ট্যালেন্টপুলে এবং ২০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।
জেলার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দ্বিতীয় অবস্থানে রয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তাদের মধ্যে দুজন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
এ ছাড়া লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে পাঁচজন, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চারজন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজন, ইতনা স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন এবং বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে দুজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।
একই গ্রেডে বৃত্তি পেয়েছে কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়, চাচই মাধ্যমিক বিদ্যালয় ও শতদল মাধ্যমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষার্থী।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলে নড়াইল জেলার অবস্থান অষ্টম হওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশা রয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফলের মাধ্যমে বোর্ডের মেধাতালিকায় জেলার অবস্থান উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।