ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৯, ৬ অক্টোবর ২০২৬
নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে মানববন্ধন
নিজস্ব জমি ও বহুতল ভবনের দাবিতে মাদারীপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরে বিয়াম ল্যাবরেটরি স্কুলের নিজস্ব জমি বরাদ্দ ও বহুতল ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।

মানববন্ধনে অভিভাবকরা বলেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলটি মাদারীপুরের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দীর্ঘদিনেও বিদ্যালয়ের নিজস্ব জমি ও ভবন না থাকায় পাঠদান কার্যক্রমে নানা ধরনের সমস্যা হচ্ছে।

তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের বর্তমান ভবনগুলো পুরোনো হওয়ায় বিভিন্ন সময় ছাদের পলেস্তারা খসে পড়ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অতীতেও পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করেন তাঁরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য দ্রুত বিদ্যালয়ের নামে নিজস্ব জমি বরাদ্দ এবং সেখানে আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তাঁরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!