রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলের গতিরোধ করে ওই কিশোরী ও তার এক বন্ধুকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়ার পর বন্ধুকে আটকে রেখে কিশোরীর ওপর যৌন নির্যাতন করা হয়। পরে তাকে ও তার বন্ধুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ওই কিশোরী তার এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যায়। রাতে ফেরার পথে আনুমানিক ১১টার দিকে তারা গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের পথরোধ করেন।
অভিযোগ রয়েছে, পরে কিশোরী ও তার বন্ধুকে জোরপূর্বক পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে কিশোরীর বন্ধুকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীর ওপর পালাক্রমে ধর্ষণ করা হয়।
একপর্যায়ে কিশোরী ও তার বন্ধুকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করেন অভিযুক্তরা। টাকা এনে দেওয়ার কথা বলে ওই বন্ধু কৌশলে ভবন থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।
খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে। একই সময় ঘটনাস্থল থেকে নাদিম, সিহাব ও ইমনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে চিকিৎসা পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।