নওগাঁ শহরে ছিনতাই করতে এসে নারায়ণগঞ্জের ৩ ছিনতাইকারী গ্রেফতার
নওগাঁ শহরে ছিনতাই করতে এসে স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন নারায়ণগঞ্জের তিন যুবক। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন,নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া এলাকার মো. জামাল (৩৫), মো. ফরিদ (৩৩) ও মো. রবি (২৪)।
.png)
পুলিশ জানায়, ভুক্তভোগী শাহানাজ আক্তার শিরিন নওগাঁ শহরের রজাকপুর থেকে চার্জার রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড়ে পৌঁছালে ওই তিনজন তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় চাকু দেখিয়ে হত্যার হুমকি দিয়ে তার কানে থাকা প্রায় ৫ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেন তারা।
পরে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সময়ে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ তিন ছিনতাইকারীকে চাকুসহ গ্রেফতার করে।
এ সময় উত্তেজিত জনতা ছিনতাইকারীদের কিছুটা মারধর করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় নিয়মিত ছিনতাই মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেফতারে সহযোগিতা করায় নওগাঁ শহরের স্থানীয় জনগণের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার বলেন, ছিনতাইয়ের ঘটনায় ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে সদর থানা পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতায় তিনজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে। নওগাঁ শহরে ছিনতাইসহ যেকোনো অপরাধ দমনে পুলিশের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধীদের ধরতে স্থানীয় জনগণ যেভাবে পুলিশকে সহযোগিতা করেছেন, এজন্য তিনি নওগাঁবাসীর প্রতি ধন্যবাদ জানান।