ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসছিল মরদেহ, মিলল পরিচয়পত্র

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩২, ৩ অক্টোবর ২০২৬
আখাউড়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসছিল মরদেহ, মিলল পরিচয়পত্র
আখাউড়ার খড়মপুর এলাকায় রেলসেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তির মরদেহ। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলসেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার দুপুরে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া-আজমপুর বাইপাসের পৌর শহরের খড়মপুর এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারের সময় মরদেহটির সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে মানিব্যাগ, টাকা, স্মার্টফোন ও একটি প্রতিষ্ঠানের পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে ‘হা-মীম গ্রুপের বঙ্গ ইঞ্জিনিয়ারিং কোম্পানি’ এবং ‘ওয়েল্ডিং সেকশন’ উল্লেখ রয়েছে। এতে নাম লেখা আছে ‘মো. মিজান’।

পুলিশ জানায়, পরিচয়পত্রে থাকা ছবির সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের চেহারার মিল রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেন থেকে পড়ে অথবা ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Advertisement

স্থানীয়দের কাছ থেকে রেলসেতুর নিচে পানিতে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে রেলওয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় অথবা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, মরদেহের পাশে থাকা ব্যাগ থেকে মানিব্যাগ, টাকা, মোবাইল ফোন ও একটি কোম্পানির পরিচয়পত্র পাওয়া গেছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত জানা যাবে।

মরদেহের পরিচয় নিশ্চিত করতে পুলিশ আইনগত প্রক্রিয়া চালাচ্ছে। একই সঙ্গে কীভাবে ওই ব্যক্তি রেলসেতুর নিচে পানিতে পড়ে গেলেন, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আখাউড়া/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!