ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাজিতপুর বাসের ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২৫, ১ অক্টোবর ২০২৬
বাজিতপুর বাসের ধাক্কায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের বাজিতপুরে সড়ক পার হওয়ার সময় অনন্যা সুপার পরিবহনের একটি বাসের ধাক্কায় হামজা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পিরিজপুর ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে চলে যায়।

Advertisement

নিহত হামজা গজারিয়া এলাকার মো. সুজন ও মর্জিনা বেগমের ছেলে। সে মায়ের সঙ্গে ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করত।

পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হামজা তার মায়ের সঙ্গে ঢাকা থেকে কটিয়াদীতে আসে। পরে সেখান থেকে অটোরিকশাযোগে পিরিজপুরের গজারিয়া বাজারে পৌঁছে। অটোরিকশা থেকে নামার পর মাকে সঙ্গে না নিয়ে একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে হামজা। এ সময় ঢাকা থেকে ভৈরব হয়ে কিশোরগঞ্জের দিকে আসা অনন্যা সুপার পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাসটির নম্বর কিশোরগঞ্জ-ব-১১-০১১৬ বলে শনাক্ত করা হয়েছে।

সন্তানের মৃত্যুর খবর ও ঘটনাস্থলের দৃশ্য দেখে হামজার মা কান্নায় ভেঙে পড়েন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে কিশোরগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে কটিয়াদী হাইওয়ে থানার এসআই নবীনূর রহমান মুঠোফোনে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বাসটিও আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!