ঢাকা,  বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে বিরক্তের অভিযোগে স্কুলে ঢুকে ছাত্রকে মারধর

প্রেমিকাকে বিরক্তের অভিযোগে স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল নেতা আজীবন বহিষ্কার
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকাকে বিরক্তের অভিযোগে স্কুলে ঢুকে ছাত্রকে মারধর
ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কথিত প্রেমিকাকে বিরক্ত করার অভিযোগে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে রাধাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. সাজ্জাদ খন্দকারের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে কোটালীপাড়া উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারিকেলবাড়ি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রটি ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রের অভিযোগ, ছাত্রদল নেতা সাজ্জাদ তাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে বাইরে নিয়ে কথিত প্রেমিকাকে বিরক্ত করার বিষয়ে জানতে চান। সে এমন কিছু করেনি জানালেও তাকে চড়-থাপ্পড় ও ঘুষি মারা হয়। এতে তার ঠোঁট কেটে যায়।

Advertisement

ওই ছাত্র বলেন, সাজ্জাদ তাকে শ্রেণিকক্ষ থেকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, ‘তুই আমার প্রেমিকাকে বিরক্ত করিস কেন?’ তিনি বিষয়টি অস্বীকার করলে সাজ্জাদ তাকে মারধর করতে থাকেন। একপর্যায়ে তার কথিত প্রেমিকাকে ডেকে বিষয়টি জানতে চাওয়া হয়। ওই ছাত্রীও তাকে বিরক্ত করার অভিযোগ অস্বীকার করে। পরে ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দিয়ে সাজ্জাদ স্কুল থেকে চলে যান বলে ওই ছাত্রের অভিযোগ।

ঘটনার পরদিন বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাজ্জাদ খন্দকারকে আজীবনের জন্য বহিষ্কারের কথা জানায় কোটালীপাড়া উপজেলা ছাত্রদল। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্যসচিব নিলয় হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সাজ্জাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রের খালু সায়েম কাজী বলেন, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে বিরক্ত করার মিথ্যা অভিযোগ তুলে সাজ্জাদ ওই ছাত্রকে মারধর করেছেন। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একজন শিক্ষার্থীকে এভাবে মারধরের বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

তিনি জানান, ওই ছাত্রের বাবা-মা আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন। এ কারণে সে তার ছোট ভাইয়ের সঙ্গে গ্রামে খালার বাড়িতে থেকে পড়াশোনা করে।

কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাজ্জাদকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সাজ্জাদ খন্দকারের বক্তব্য পাওয়া যায়নি। তিনি নারিকেলবাড়ি গ্রামের আলমগীর খন্দকারের ছেলে।

স্কুলে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ এবং এর পরদিনই সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!