দাম বাড়ার পর ফাঁকা কিশোরগঞ্জের ফিলিং স্টেশন
জ্বালানি তেলের দাম বাড়ার পর কিশোরগঞ্জ জেলা শহরের ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ সারি অনেকটাই কমে গেছে। এক সপ্তাহ আগেও যেসব স্টেশনে জ্বালানি নিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন সেসব স্টেশনে তুলনামূলক স্বাভাবিক পরিবেশ দেখা যাচ্ছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) শহরের বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা যায়, আগের তুলনায় মোটরসাইকেলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কম। কোথাও কোথাও মাত্র দু-একটি মোটরসাইকেলকে জ্বালানি নিতে দেখা গেছে।
.png)
শহরের চৌধুরি সিএনজি ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা মোটরসাইকেলচালক হাফিজুর রহমান বলেন, কয়েক দিন আগেও তেল নিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এখন আর তেমন ভিড় নেই। তাঁর মতে, সরবরাহ নিয়ে সংকটের গুঞ্জন ছড়ালেই পাম্পগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়। তবে দাম বাড়ার পর চালকদের ভিড় আগের তুলনায় কমেছে।
আরেক মোটরসাইকেলচালক পিয়াস বলেন, কিছুদিন আগেও কখন জ্বালানি পাওয়া যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়েছে। এখন পাম্পে এসে আর আগের মতো অপেক্ষা করতে হচ্ছে না।
শহরের মুকসেদপুর (বড়পুল) এলাকার চৌধুরি সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী রাজিব মিয়া জানান, সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানি নিতে বাড়তি চাপ থাকে না। তবে হঠাৎ দাম বাড়ার পর মোটরসাইকেল নিয়ে আসা মানুষের সংখ্যাও কমেছে। ফলে আগের মতো দীর্ঘ সারি তৈরি হচ্ছে না।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে সরকার। নতুন দরে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।