বকশীগঞ্জে দুই অটোরিকশা থেকে ২৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে আনা ২৫ বস্তা ইউরিয়া সার দুটি অটোরিকশা থেকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এর আগে সোমবারও একটি অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
অভিযানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
.png)
উপজেলা প্রশাসন সূত্র জানায়, দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার ওই সড়ক দিয়ে নেওয়া হচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা অটোরিকশা দুটির চালকদের কাছে সারের বিষয়ে জানতে চান। এ সময় চালকেরা অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে অটোরিকশা দুটি আটক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, সারগুলো অবৈধভাবে বকশীগঞ্জে প্রবেশ করায় কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে। পরবর্তী সময়ে এসব সার কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বকশীগঞ্জ জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে একটি অটোরিকশা থেকে ১৫ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। পরে সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় রাখা হয়।