ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় তরুণের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমিকার বিয়ে ঠিক হওয়ায় তরুণের মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোণার দুর্গাপুরে প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে মানসিক হতাশা থেকে মহসিন আল নাঈম (১৭) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে পৌর শহরের সাধুপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবার।

নিহত মহসিন আল নাঈম ওই এলাকার মতিউর রহমানের ছেলে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চণ্ডীগড় এলাকার এক তরুণীর সঙ্গে প্রায় দুই বছর ধরে মহসিন আল নাঈমের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে দুই পরিবারের মধ্যে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং নাঈমের পরিবার থেকে ওই তরুণীর বাড়িতে বিয়ের প্রস্তাবও দেওয়া হয়। আলোচনায় বিয়ের বিষয়ে আশ্বাস পাওয়া যায় বলে পরিবারের সদস্যরা জানান।

Advertisement

তবে হঠাৎ ওই তরুণীর বিয়ে অন্যত্র ঠিক হয়। বিষয়টি জানতে পেরে নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন বলে পরিবারের সদস্যদের দাবি। পরে পরিবারের অগোচরে নিজ ঘরে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ জানায়।

একপর্যায়ে নাঈমের মা দরজার ফাঁক দিয়ে তাকে দেখতে পেয়ে পরিবারের অন্য সদস্যদের জানান। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত নাঈমের বড় ভাই মাহমুদুল হাসান বলেন, কিছুদিন আগে তারা মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে আলোচনা করে এসেছিলেন। পরে তার ভাই ওই তরুণীকে স্থানীয় বাজারে বিয়ের কেনাকাটা করতে দেখে বিষয়টি জানতে পারেন। এরপর তরুণীর পক্ষ থেকে বিয়েতে রাজি না থাকার কথা জানানো হলে নাঈম মানসিকভাবে ভেঙে পড়েন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রেমসংক্রান্ত বিষয় ও মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!