ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে এ কাউন্সিলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাজিউল হাসান বাবু, ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক বায়েজীদ বোস্তামী, উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
.png)
কাউন্সিলের ভোটগ্রহণ শেষে ভোট গণনা করা হয়। পরে শনিবার রাত সোয়া ৭টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির মোট ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫২ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে আনারস প্রতীকে মো. শামসুল আলম ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোরগ প্রতীকে ইউসুফ আহমেদ ২৪০ ভোট পেয়ে বিজয়ী হন। আর সাংগঠনিক সম্পাদক পদে আম প্রতীকে মো. আব্দুল বারীক ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
কাউন্সিলকে ঘিরে দিনব্যাপী নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ ও গণনা পর্ব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্টরা জানান।