ঢাকা,  শনিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

‘আদর্শ লিপি’ হাতে বোবা ছাত্তারের নিরব জীবনসংগ্রাম

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৯, ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আদর্শ লিপি’ হাতে বোবা ছাত্তারের নিরব জীবনসংগ্রাম
‘আদর্শ লিপি’ হাতে হাটের ভিড়ে মিশে থাকা আব্দুস ছাত্তার। ছবি: ডেইলি বাংলাদেশ

প্রযুক্তি আর আধুনিকতার এই যুগে বর্ণমালার প্রাথমিক বই ‘আদর্শ লিপি’ এখন অনেকটাই স্মৃতি। তবু কালের স্রোতকে তোয়াক্কা না করে হাতে ‘আদর্শ লিপি’ নিয়ে হাটে হাটে ফেরি করে বেড়ান ৬২ বছর বয়সী বাকপ্রতিবন্ধী আব্দুস ছাত্তার

নাটোরের গুরুদাসপুরের ঐতিহ্যবাহী চাঁচকৈড় হাটের পাশেই তাঁর ভিটেমাটি। মুখের ভাষা না থাকলেও প্রতিদিন জীবিকার তাগিদে হাটের অলিগলিতে ছুটে চলাই তাঁর জীবন।

​আব্দুস ছাত্তারের এই জীবনসংগ্রামের শিকড় বেশ গভীরে। তাঁর বাবা ছইরুদ্দিনও বই বিক্রি করেই সংসার চালাতেন। বাবার দেখানো পথ ধরেই ছাত্তার বেছে নিয়েছিলেন বই বিক্রির এই পেশা। তবে বাবার স্মৃতি আর ঐতিহ্য আঁকড়ে ধরে থাকলেও জীবন তাঁকে খুব একটা স্বস্তি দেয়নি। একসময় সংসার বেঁধেছিলেন, কিন্তু তা বেশিদিন টিকেনি। মুখের ভাষা না থাকায় ভেতরের জমানো নিঃসঙ্গতা আর কষ্টের কথা ছাত্তার বোঝান ইশারা-অঙ্গভঙ্গিতে; বুঝিয়ে দেন বুকের ভেতর পুষে রাখা গভীর হাহাকার।

Advertisement

​বর্তমানে প্রযুক্তির বিস্তার ও সময়ের পরিবর্তনের সাথে সাথে ফেরি করে বই বিক্রির চাহিদা অনেকটাই কমে গেছে। সারাদিন ঘুরে যে সামান্য টাকা আয় হয়, তা দিয়ে এই আকাশছোঁয়া নিত্যপণ্যের বাজারে জীবিকা নির্বাহ করা তাঁর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যুগের পরিবর্তনের সাথে তাল মেলাতে না পেরে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন এই নিঃসঙ্গ প্রবীণ। তবু বেঁচে থাকার তাগিদে প্রতিদিন ‘আদর্শ লিপি’ হাতে হাটের ভিড়ে মিশে যান আব্দুস ছাত্তার।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!