জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখলের মুহতামিম আল্লামা ওসমান ফয়েজী মারা গেছেন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখলের মুহতামিম ও বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা ওসমান ফয়েজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে চট্টগ্রামের নিজ বাসভবনে তিনি মারা যান।
দীর্ঘদিন ধরে পেটের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন আল্লামা উসমান ফয়েজী। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি চট্টগ্রামের বাসভবনে ফেরেন। এরপর মঙ্গলবার তাঁর মৃত্যু হয়।
.png)
আল্লামা উসমান ফয়েজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মাওলানা এখলাস ফয়েজী। তাঁর মৃত্যুর খবরে মেখল মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী ও আলেম সমাজের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লামা উসমান ফয়েজীর জানাজা বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় মেখল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আল্লামা উসমান ফয়েজী দেশের প্রখ্যাত আলেম পরিবারের সদস্য ছিলেন। তিনি মুফতি আজম আল্লামা ফয়জুল্লাহ রহ.-এর কনিষ্ঠ নাতি এবং মেখল মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা নোমান ফয়েজী রহ.-এর ছোট ভাই।
আল্লামা নোমান ফয়েজীর মৃত্যুর পর মাদরাসার শুরা কমিটির জরুরি বৈঠকে আল্লামা উসমান ফয়েজীকে নতুন মুহতামিম হিসেবে মনোনীত করা হয়। এরপর থেকে তিনি মাদরাসার পরিচালনা ও দ্বীনি শিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মেখলে অবস্থিত জামিয়া হামিউচ্ছুন্নাহ মেখল মাদরাসা দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ইসলামি শিক্ষা, তালিম-তরবিয়ত ও দ্বীনি দাওয়াতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আল্লামা উসমান ফয়েজীর দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও মাদরাসার নেতৃত্বে তাঁর অবদান সংশ্লিষ্টদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।