ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনা বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৯০

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খুলনা বিভাগে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৯০
ডেঙ্গু মশা। ফাইল ফটো

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনায় দুজন এবং বাগেরহাটে একজন মারা গেছেন। একই সময়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন খুলনায়। জেলা ও বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে মিলিয়ে নতুন করে ১৩৯ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৬৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

এ ছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭ জন, বাগেরহাটে ১৮ জন, সাতক্ষীরায় ১২ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, যশোরে ২৫ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় দুজন, নড়াইলে সাতজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় চারজন এবং মেহেরপুরে দুজন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনায় দুজন এবং বাগেরহাটে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে মোট ৯ হাজার ৩৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ৩৩ জন। মৃতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন, খুলনায় আটজন, বাগেরহাটে তিনজন এবং যশোরে দুজন রয়েছেন।

একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ২২৫ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/খুলনা
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!