সিরাজগঞ্জে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি
সিরাজগঞ্জে ঘরে ঘরে সর্দি-জ্বর ও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। শিশুদের পাশাপাশি নারী ও পুরুষদের মধ্যেও এ রোগ ছড়িয়ে পড়েছে।
সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার পল্লি চিকিৎসক আজাদ রহমান জানান, গত কিছু দিন ধরে এই জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই রোগীর সংখ্যা বাড়ছে। এখানে চিকিৎসা নিতে আসা শাহানা বেগম জানান, তিন/চার দিন ধরে তার শিশুর জ্বর হয়েছে, তাই ডাক্তারের কাছে ওষুধ নিতে এসেছেন। তিনি আরও জানান, তাদের আশপাশের অনেকেরই জ্বর দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা কহিনুর বেগম বলেন, ‘আমার দুই দিন ধরে জ্বর ও ঠাণ্ডা লেগেছে, তাই হাসপাতালে এসেছি ডাক্তার দেখাতে।’
এ বিষয়ে সিরাজগঞ্জ শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডাঃ আকরামুজ্জামান বলেন, সিরাজগঞ্জে ভাইরাস জাতীয় সর্দি-জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। প্রতি দিনই এই সব রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। নিত্যদিনই সর্দি-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তিনি বলেন, ‘জ্বর মাথাব্যথা বেশি হলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।’
এছাড়া জ্বরের সঙ্গে পাতলা পায়খানা হলে স্যালাইন খাওয়ার পরামর্শ দেন তিনি। আবহাওয়াজনিত কারণে এখন সর্দি-কাশি-জ্বর হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মির্জা মো. হুমায়ুন কবীর বলেন, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৩৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও বলেন, সোমবার ১১৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ছাড়পাপ্ত রোগীর সংখ্যা ১০৮৫।
.png)