ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড
ফাইল ফটো

চট্টগ্রামের হালিশহরে আট বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ থানার দিয়াতলী এলাকার মৃত কাদের মৃধার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

Advertisement

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ বলেন, পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে তিনি মেয়েকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। এ সময় শিশুটি একা ছিল। এই সুযোগে মজিবর মৃধা প্রলোভন দেখিয়ে তাকে পাশের একটি বাসায় নিয়ে যান এবং সেখানে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

পরদিন শিশুটি গোপনাঙ্গে প্রচণ্ড ব্যথার কথা জানিয়ে কান্নাকাটি ও চিৎকার করতে থাকে। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

পরে শিশুটির মা বাদী হয়ে ১০ ডিসেম্বর হালিশহর থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে হালিশহর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয় এবং মামলাটির বিচার শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!