ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মুক্তিপণ নেয়ার পরও ব্যবসায়ীকে হত্যা করলো তারা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৩, ১৩ মার্চ ২০২২
মুক্তিপণ নেয়ার পরও ব্যবসায়ীকে হত্যা করলো তারা
হান্নান মৃধা

চাঁদপুরে অপহরণের ১২ দিন পর হান্নান মৃধা নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে বেনাপোল সীমান্তের বাইপাস সড়ক থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী এলাকার আবুল হোসেন মৃধার ছেলে।

এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছেন স্বজন ও এলাকাবাসী। রোববার দুপুরে প্রায় দুই ঘণ্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ১ মার্চ হান্নান তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে তিনি নিখোঁজ হন। পরের দিন চাঁদপুর মডেল থানায় নিখোঁজের ডায়েরি করেন চাচাতো ভাই সজিব ও নুর আলম মৃধা। এরপর ৬ মার্চ একটি নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

পরে টাকা নিয়ে বেনাপোলে আসতে বলা হয়। টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবি করে। এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর অপহরণকারীরা নম্বর বন্ধ করে দেয়। ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

হান্নানের ভাতিজা সাগর মৃধা বলেন, আমার কাকা সহজ-সরল মানুষ ছিলেন। তিনি বাড়ির পাশে এইচ এম টেলিকম নামে একটি দোকান চালাতেন। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। 

চাঁদপুর মডেল থানার ওসি মো. আবদুর রশিদ বলেন, হান্নান তার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর থেকে ফেরার পথে নিখোঁজ হন। তার ব্যবহৃত নম্বর থেকে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। কয়েকবার তারা জায়গা পরিবর্তন করে। মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দেওয়ার বিষয়টি আমার জানা নেই।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!