বন্দরে ডিবি পরিচয়ে অপহরণের সময় আটক ২
নারায়ণগঞ্জের বন্দরে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে এক ব্যক্তিকে অপহরণ করার সময় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় পালিয়ে গেছে আরো চারজন।
রোববার দুপুরে তাদের বন্দরের কেওঢালা এলাকা থেকে আটক করা হয়। এ সময় একটি মাইক্রোবাস, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটকরা হলেন- রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল ৩নং ওয়ার্ডের মৃত আব্দুস সাত্তারের ছেলে আহমেদ আকাশ ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির কামরুজ্জামান ভূইয়ার ছেলে নাফিস আলী ভূইয়া। এদের মধ্যে আকাশের নামে পূর্বে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধকাণ্ডে মামলা রয়েছে। আর নাফিস ছিলেন গাড়িচালক।
আরো পড়ুন: পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন
বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কেওঢালা এলাকায় ৫০৫ ব্রিকসে (ইটখোলা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করা হচ্ছিল। এ সময় খবর পেয়ে অভিযুক্ত দুইজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, তাদের সঙ্গে থাকা আরো চারজন পালিয়ে গেছেন, তাদের আটকে চেষ্টা চলছে।