ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিকলীতে নিখোঁজ মেকানিকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৩৭, ২১ নভেম্বর ২০২১
নিকলীতে নিখোঁজ মেকানিকের লাশ উদ্ধার
নিখোঁজ মইজ উদ্দিন নামে এক ডিজেল ইঞ্জিন মেকানিকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জের নিকলীতে বাড়ির পাশে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মইজ উদ্দিন নামে এক ডিজেল ইঞ্জিন মেকানিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার সকালে উপজেলার ঘোরাদিঘা এলাকার ধনু নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহত মইজ উদ্দিন উপজেলার সিংপুর ইউপির শান্তিপুর গ্রামের মলহাঁটির মৃত মধু মিয়ার ছেলে। তিনি পেশায় ডিজেল ইঞ্জিন মেকানিক ছিলেন। এছাড়া তিনি হাঁস পালন ও মাছ ধরার কাজ করতেন। নিহত মইজ উদ্দিনের মাথায়, ডান হাত ও  ডান পায়ের উরুতে আঘাতে চিহ্ন রয়েছে।

পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জাল দিয়ে মাছ ধরতে মইজউদ্দিন নৌকা নিয়ে ধনু নদীতে যান। পরে বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে পরিবারের লোকজন শুক্রবার ভোরে নদীতে এগিয়ে গেলে শুধু তার ব্যবহৃত নৌকাটি ভাসতে দেখেন।

জানা যায়, আগামী ২৮ নভেম্বর এ এলাকায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো গ্রুপের সঙ্গে দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ জানান, লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা সাপেক্ষে তদন্তপূর্বক অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!