ঢাকা,  মঙ্গলবার   ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দৃষ্টিনন্দন ওয়াকওয়ে-বেষ্টনীতে বদলে গেল শহীদ মিনার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৬, ১২ মে ২০২১
দৃষ্টিনন্দন ওয়াকওয়ে-বেষ্টনীতে বদলে গেল শহীদ মিনার
দৃষ্টিনন্দন ওয়াকওয়ে-বেষ্টনীতে বদলে গেল শহীদ মিনার

চিরচেনা সেই দৃশ্য আর নেই। আগে ফেনী শহীদ মিনারের চারপাশে বসত হরেক রকম দোকান, ফুটপাতে চলাফেরা করাই ছিল কষ্টসাধ্য। এখন সেখানকার রূপই বদলে গেছে। নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে এবং বেষ্টনী।

আধুনিক, সুন্দর ও পরিচ্ছন্ন ফেনী শহর বিনির্মাণের অংশ হিসেবে সৌন্দর্য বৃদ্ধির কাজ শুরু করেছে ফেনী পৌরসভা। শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল ফটকের সামনে ফুটপাত দখলমুক্ত ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে ওয়াকওয়ে নির্মাণসহ শহীদ মিনারের সম্মুখে ফুটপাতে দেয়া হয়েছে বেষ্টনী। ভাষা শহিদদের স্মৃতি অক্ষুণ্ণ রাখতে এবং শহীদ মিনারের সৌন্দর্য্য বর্ধনে এ উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ।

শহরের ঠিক কেন্দ্রবিন্দুতে অবস্থিত শহীদ মিনার চত্বরে রয়েছে কৃষ্ণচূড়া গাছ। ফুল ফুটলে অনন্য সৌন্দর্য্য দেখা যেন শহীদ মিনার প্রাঙ্গণে। কিন্তু মুচি-হকারদের কারণে সে সৌন্দর্য্য উপভোগ করার পরিবেশ থাকত না। ফুটপাতে মানুষের হাঁটার জায়গা পর্যন্ত ছিল না।

ফেনী পৌরসভার উদ্যোগে সেই চিরচেনা দৃশ্য আর নেই। এখন কৃষ্ণচূড়া গাছে কৃত্রিম আলো জ্বলছে, শহীদ মিনারের দুই গেইটের সামনের অংশে নতুন টাইলস বসিয়ে সুন্দর ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, নিরাপত্তার জন্য বসানো হয়েছে বেষ্টনীও। এখন কৃষ্ণচূড়ার সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি ফুটপাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছে মানুষ, নেই হকারদের উৎপাত।

বিশ্ববিদ্যালয় পড়ুয়া ফয়সাল শাওন বলেন, এমন ফুটপাত ঢাকায় দেখেছিলাম। এখন আমাদের ফেনীতেও এত সুন্দর ফুটপাত আর পরিচ্ছন্ন-আলোকিত সড়ক আছে। পৌরসভার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

এদিকে রাজনন্দিনীর দিঘির পাড়ে ফোয়ারা স্থাপনসহ পুরো শহরকে পরিচ্ছন্ন রেখে নতুন রূপে সাজানোর উদ্যোগ নিয়েছেন ফেনী পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

তিনি বলেন, একজন মানুষ প্রথমে শহরের সৌন্দর্য্য দেখেই শহরকে মূল্যায়ন করবে। এ কারণে আমরা শহরের সৌন্দর্য্য বর্ধন ও শহরকে পরিচ্ছন্ন রাখতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি এবং বাস্তবায়ন শুরু করেছি।

মেয়র বলেন, এরই মধ্যে শহীদ মিনারের সম্মুখে সৌন্দর্য বর্ধনের কাজ শেষ হয়েছে। এছাড়াও রাজনন্দিনী দিঘিরপাড়সহ পুরো শহরের সৌন্দর্য বৃদ্ধিতে কাজ চলছে। সক পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন হলে অল্পদিনেই এক অন্যরকম ফেনী শহরকে দেখবে দেশের মানুষ। এজন্য ফেনীবাসীর সহযোগিতা একান্ত প্রয়োজন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!