পুলিশের জালে ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’ আনোয়ার
হত্যা, চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি আনোয়ার হোসেন। গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ছিলেন আত্মগোপনে। একেক সময় একেক এলাকায় থাকতেন। তবু ফাঁকি দিতে পারলেন না পুলিশের চোখ। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।
শনিবার গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এর আগে, শুক্রবার রাতে চন্দনগর এলাকার চৌধুরী নগরের উদার পাহাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আনোয়ার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর এলাকার মো. আব্দুর রবের ছেলে। বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার ডেবারপাড় এলাকায় থাকছিলেন তিনি।
পুলিশ জানায়, ২৭ মার্চ বাংলাবাজার এলাকায় এক দোকানির কাছ থেকে চাঁদা দাবি করেন আনোয়ার ও তার সহযোগীরা। এতে আপত্তি জানালে দোকানিকে মারধর ও দোকান ভাঙচুর করেন তারা। এ ঘটনায় ৮ এপ্রিল আনোয়ারসহ ১০ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ভুক্তভোগী দোকানি।
বায়েজিদ বোস্তমী থানার ওসি প্রিটন সরকার বলেন, দোকানির করা চাঁদাবাজির মামলায় আনোয়ারকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরো বলেন, আনোয়ার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও বড় মাপের চাঁদাবাজ। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।