হাজারো মৌমাছির কামড়ে জামালপুরের দুই গ্রামের ৩০ জন আহত
জামালপুরের সরিষাবাড়িতে হাজারো মৌমাছির কামড়ে নারী-শিশুসহ ৩০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধানাটা ও কয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহতরা হলেন- ধানাটা গ্রামের আলতার হোসেন, নাদিয়া বেগম, রাজু মিয়া, সুজাউদ্দিন, শুভ মিয়া, পারভেজ মিয়া, আলাল উদ্দিন, ময়না আক্তার, জ্যেতি আক্তার, কয়ড়া গ্রামের আবু সাঈদ, ইয়াসিন মিয়া, স্বাধীন আহমদ, জীবন মিয়া, সবুজ রহমান, জুথি আক্তার, আবদুর রহিম, কল্পনা আক্তার, রোজিনা বেগম, হিমেল মিয়া, আশা মনিসহ আরো অনেকেই।
স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বাড়ির পাশে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন আলতাব হোসেন। পাশেই একটি বটগাছে থাকা মৌমাছির চাকে থাবা দেয় বাজপাখি। এ সময় হাজারো মৌমাছি আশপাশে ছড়িয়ে পড়ে পথচারীসহ বাড়িতে থাকা নারী-শিশুদের কামড়ে আহত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকা আক্তার সুমি বলেন, মৌমাছির কামড়ে আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত।