হত্যাচেষ্টার অভিযোগে ওসিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
শিক্ষানবিশ আইনজীবীকে অস্ত্র-ইয়াবা দিয়ে ফাঁসানো ও ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার অভিযোগে বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাশসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে মামলা হয়েছে।
সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেছেন ভুক্তভোগী আইনজীবী সমর কৃষ্ণ চৌধুরী। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
আরো পড়ুন: শিক্ষার আলো ছড়ানো বিদ্যালয়টি নদীগর্ভে বিলীনের পথে
মামলার অন্য আসামিরা হলেন- বোয়ালখালী থানার তৎকালীন এসআই আতিকুল্লাহ, এসআই আরিফুর রহমান, পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম আখন্দ, এসআই আবু বকর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএসআই আলাউদ্দিন, এসআই দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাশ, সঞ্জয় দাশের সহকারী সজল দাশ, বোয়ালখালী উপজেলার সরোয়াতলী ইউপির পাঁচ নম্বর ওয়ার্ডের তৎকালীন চৌকিদার দিদারুল আলম।
মামলার বাদীপক্ষের আইনজীবী জুয়েল দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মনিরুজ্জামানের সম্পৃক্ততার কথাও মামলায় উল্লেখ করা হয়েছে।
সমর কৃষ্ণ চৌধুরী বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউপির দক্ষিণ সারোয়াতলী গ্রামের মনোরঞ্জন কৃষ্ণ চৌধুরীর ছেলে।
২০১৮ সালের ২৭ মে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকা থেকে সমর কৃষ্ণ চৌধুরীকে আটক করে বোয়ালখালী থানা পুলিশ। পরে তার দক্ষিণ সারোয়াতলীর বাড়ি থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার দেখিয়ে দুটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। ওই বছরের ২৪ জুন মাদক মামলা ও ১০ জুলাই অস্ত্র মামলায় আদালত থেকে জামিনে মুক্তি পান সমর কৃষ্ণ চৌধুরী।