চাঁদা না পেয়ে ক্রসফায়ারের হুমকি, ৮ পুলিশের বিরুদ্ধে মামলা
চাঁদা না পেয়ে ক্রসফায়ারের হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালতে মামলাটি করেন মো. আব্দুল ওয়াহেদ নামে এক ব্যবসায়ী। শুনানি শেষে মামলাটি নগর পুলিশের ডিসি (উত্তর) বিজয় বসাককে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।
অভিযুক্তরা হলেন- ওসি (তদন্ত) মোহাম্মদ সহিদুল ইসলাম, এসআই মো. নুর নবী, এসআই গোলাম মোহাম্মদ নাছিম হোসেন, এএসআই অমিত ভট্টাচার্য, এএসআই মো. শরিফুল ইসলাম, এএসআই আশরাফুল ইসলাম, কনস্টেবল মো. সোলাইমান, কনস্টেবল ফৌজুল করিম এবং পুলিশের সোর্স হিসেবে পরিচিত মো. রুবেল।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আলমগীর বলেন, ১৩ জুলাই বায়েজিদ বোস্তামীর জামাল কলোনি এলাকায় বাড়ি থেকে আব্দুল ওয়াহেদকে তুলে নেন অভিযুক্তরা। থানায় নিয়ে তাকে মারধর এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেয়ায় ক্রসফায়ারের ভয় দেখানো হয়। এছাড়া ইয়াবা উদ্ধারের অভিযোগ এনে আব্দুল ওয়াহেদকে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠায়। সম্প্রতি ওই মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন আব্দুল ওয়াহেদ।