ব্রাহ্মণবাড়িয়ায় ঘুরতে এসে জরিমানা গুনলেন ১৪৭ জন
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদী সংলগ্ন নবীনগর উপজেলার রসুলপুর গ্রাম ও সদর উপজেলার গোর্কণ এলাকায় ঘুরতে এসে স্বাস্থ্যবিধি না মানায় ১৪৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে অভিযান চালিয়ে নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ইকবাল হাসান ও সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এবিএম মশিউজ্জামান পৃথক অভিযানে তাদের এ জরিমানা করেন।
ঈদ উপলক্ষে নবীনগর উপজেলার রসুলপুর গ্রামে ও সদর উপজেলার গোকর্ণ ব্রিজে বিনোদনপ্রেমীরা ঘুরতে আসেন। করোনার সংক্রমণ রোধে সেখানে আসা দর্শনার্থীদের অনেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বেলা সাড়ে তিনটার দিকে অভিযান চালিয়ে ১৪৭ জনকে জরিমানা করে ৪১ হাজার ৪০০ টাকা আদায় ও ৮টি মামলা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান জানান, বেশির ভাগ মানুষ নৌকায় করে এখানে ঘুরতে আসেন। তবে আজকে মানুষের জমায়েত অনেক কম। যারা মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাদের সচেতন করার জন্য জরিমানা করা হচ্ছে। যেসব নৌকায় দর্শনার্থীদের সংখ্যা বেশি, তাদের তীরে ভিড়তে না দিয়ে তাড়িয়ে দেয়া হচ্ছে। আট মামলায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নবীনগর উপজেলার রসুলপুরে ১২০ জনকে ৩৬ হাজার ৪০০ টাকা ও সদর উপজেলার গোর্কণ ব্রিজে ২৭ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।