শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যার পর পালালেন স্বামী
কিশোরগঞ্জ সদর উপজেলায় এক ব্যক্তির বিরুদ্ধে শ্বশুরবাড়িতে গিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রী জুয়েনা আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
হত্যার পর লাশ বিছানায় কম্বল দিয়ে মুড়িয়ে রেখে স্বামী সুমন মিয়া পালিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মহিনন্দ ইউপির কাশোরারচর গ্রামে এ ঘটনা ঘটে।
জুয়েনা আক্তার কাশোরারচর গ্রামের অলি নেওয়াজের মেয়ে।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই সুমন ও জুয়েনার মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে ১৫ দিন আগে জুয়েনা বাবার বাড়ি চলে আসেন। মঙ্গলবার রাতে সুমন শ্বশুরবাড়িতে আসেন। বুধবার খুব ভোরে সুমন ঘর থেকে বেরিয়ে যান। সকালে জুয়েনা ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা ডাকাডাকি করতে থাকেন।
পরে ঘরের ভেতরে ঢুকে বিছানায় কম্বল মোড়ানো অবস্থায় জুয়েনার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত স্বামী সুমনকে ধরতে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।