সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়ালো
সিলেটে নতুন করে আরো ৪৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সিলেটের দুটি ল্যাবে তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৬ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৪ জনে।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, বৃহস্পতিবার কলেজের ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ২৬ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে সিলেট সদর উপজেলার ১৯ জন, ওসমানীনগর উপজেলার একজন, জৈন্তাপুর উপজেলার একজন, কানাইঘাট উপজেলার দুইজন এবং বিভিন্ন হাসপাতালে তিনজন চিকিৎসাধীন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তদের মধ্য ২০ জন সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার নতুন ৪৬ জন নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৪ জনে। এরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন সিলেট জেলায় ১০০ জন। অন্যদিকে সিলেট বিভাগে মারা গেছেন এখন পর্যন্ত ৯৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৭৪ জন। তাছাড়া করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরেছেন জেলার ৬১৭ জন।