বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২ অক্টোবর) বিকালে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
.png)
গতকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাদের হেনস্তা ও লাঞ্ছিত করার অভিযোগে বিমানবন্দর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আসা ফ্লাইটের যাত্রীরা লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকটের কারণে ক্ষোভ প্রকাশ করলে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে উপস্থিত হন এবং তখন মেজর (অব.) আখতারুজ্জামান ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ ও প্রকাশ্য হুমকি দেন।একই সময়ে তার প্রটোকল সহকারীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করার চেষ্টা করলে বাধা দেওয়ায় নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
আজ সকালে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের করার পর বিকালে ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, বিএনপির সাবেক এই সংসদ সদস্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হয়ে গত ২০২৫ সালের ডিসেম্বরে জামায়াতে ইসলামীতে যোগদান করেছিলেন।