টাকা ছাড়া সিগারেট না দেওয়ায় পেট্রোল ঢেলে দোকানে আগুন, দগ্ধ দোকানি
নেত্রকোণার কেন্দুয়ায় টাকা ছাড়া সিগারেট দিতে অস্বীকৃতি জানানোয় এক মুদি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে দোকান মালিক ইব্রাহিম খলিল (৩৫) দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মো. সুমন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাতে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের কদে নেওয়াজের ছেলে সুমন ইব্রাহিম খলিলের দোকানে গিয়ে টাকা ছাড়াই সিগারেট চান। দোকানি এতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন দোকানের সামনে বিক্রির জন্য রাখা পেট্রোলের বোতল নিয়ে দোকানের ভেতরে পেট্রোল ছিটিয়ে দেন। পরে গ্যাস লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় দোকানের বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং দোকানি ইব্রাহিম খলিলের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তার চিৎকার শুনে ও আগুন দেখে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার পর দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে পাশের সহিলহাটি এলাকা থেকে সুমনকে আটক করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ‘সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পাশের এলাকা থেকে সুমনকে আটক করা হয়েছে। দোকান মালিকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।’