ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাল থেকে না ওঠায় শিশুকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১২, ২ অক্টোবর ২০২৬
খাল থেকে না ওঠায় শিশুকে পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া শিশুটি। ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে খাল থেকে উঠে যেতে বলার পর কথা না শোনায় মো. আরাফাত নামে এক শিশুকে মারধর ও পানিতে চুবিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় লতিফ মাতুব্বরের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এজাহার সূত্রে জানা যায়, মো. আরাফাতসহ স্থানীয় কয়েকজন শিশু ওই খালে গোসল ও সাঁতার কাটছিল। এ সময় লতিফ মাতুব্বর শিশুদের গালিগালাজ করে খাল থেকে উঠে যেতে বলেন। অন্য শিশুরা উঠে গেলেও আরাফাত পানিতে থাকায় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় মারা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তাকে খালের পানিতে চুবিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ফেরিওয়ালা মো. দুলাল প্রামাণিক। বিষয়টি দেখতে পেয়ে তিনি সঙ্গে থাকা মাইক দিয়ে লতিফ মাতুব্বরকে শিশুটিকে পানি থেকে তুলে নিতে বলেন। একই সঙ্গে স্থানীয় লোকজনকে ঘটনাস্থলে আসার আহ্বান জানান তিনি।

Advertisement

পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আরাফাতকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শিশুটির বাবা মো. রুবেল হোসেন অভিযোগ করেন, ঘটনার পর লতিফ মাতুব্বর তাদের খুন-জখমসহ বড় ধরনের ক্ষতির হুমকি দিয়ে চলে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে লতিফ মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ভুক্তভোগী পরিবার একটি লিখিত অভিযোগ দিয়েছে। তবে স্থানীয়ভাবে উভয় পক্ষ বিষয়টি মীমাংসার চেষ্টা করছে।’

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!