ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩১, ২ অক্টোবর ২০২৬
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
লালবাগ বেড়িবাঁধ সড়কের লবণ ফ্যাক্টরি সংলগ্ন সুইচগেট থেকে মদিনা ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

দীর্ঘদিন বেদখলে থাকা লালবাগের ঢাকা সরকারি বধির হাই স্কুলের নামে বরাদ্দ করা এক একর উদ্ধার করা জমিতে মজবুত সীমানাপ্রাচীর নির্মাণসহ ভবিষ্যতে এ জমি যেন আর বেদখল না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

শুক্রবার (২ অক্টোবর) লালবাগে ঢাকা সরকারি বধির হাই স্কুলের সীমানাপ্রাচীর নির্মাণ এবং লালবাগ বেড়িবাঁধ সড়কের মেরামত ও সংস্কারকাজের উদ্বোধনকালে তিনি এ সতর্কবার্তা দেন। 

Advertisement

অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক জানান, বধির স্কুলের এক একর জায়গাটি পুনরুদ্ধারে ঢাকা জেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য এবং ডিএসসিসির সম্মিলিত প্রয়াস ছিল। তিনি বলেন, “এই উদ্ধারকৃত জায়গায় দ্রুত সীমানাপ্রাচীর ও পরবর্তীতে স্কুল ভবনসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে। উদ্ধার করা জমি নিয়ে কেউ নতুন দাবি জানালে তাকে বৈধ কাগজপত্র দেখাতে হবে। যাচাই-বাছাই ছাড়া কেবল দাবির ভিত্তিতে কোনো জায়গা ছাড়া হবে না।”

তিনি আরও জানান, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে স্কুলের নতুন ভবন নির্মাণের আলোচনা চলছে। মন্ত্রণালয় থেকে উদ্যোগ না নেওয়া হলে বা তিনি ভবিষ্যতে নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভবন নির্মাণ করা হবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন বধির শিক্ষার্থীদের কর্মসংস্থানের লক্ষ্যে সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

একই সময়ে লালবাগ বেড়িবাঁধ সড়কের লবণ ফ্যাক্টরি সংলগ্ন সুইচগেট থেকে মদিনা ফিলিং স্টেশন পর্যন্ত সড়কের মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য জনাব হামিদুর রহমান উপস্থিত ছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!