উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত, পৌনে দুই ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্ধারকারী (রিলিফ) ট্রেনের একটি চাকা লাইনচ্যুত হওয়ায় প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ডাউন লাইনে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ইয়ার্ড এলাকায় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, লাউয়াছড়া জঙ্গলে চলন্ত অবস্থায় পাহাড়িকা ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে সেটি উদ্ধারের জন্য আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। স্টেশনের ইয়ার্ড এলাকায় পৌঁছানোর আগেই ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।
.png)
এ ঘটনায় স্টেশনের পয়েন্টসম্যান স্বপন আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে সিলেটের উদ্দেশ্যে যাওয়ার সময় আখাউড়া জংশনের ইয়ার্ডে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, পরে রেলওয়ের কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। সন্ধ্যা সোয়া ৬টার দিকে লাইনচ্যুত বগিটি সরানোর কাজ শেষ হলে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।