কিশোরকে যৌন নিপীড়ন, অভিযুক্ত গ্রেফতার
যৌন নিপীড়নের অভিযোগে এক কিশোরের দায়ের করা মামলায় রাজধানীর মোহাম্মদপুরের একটি মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আব্দুল্লাহ আল হাদি (৩২) মোহাম্মদপুরের শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম। গত মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ জানান, শ্যামলীর একটি মাদরাসার ছাত্র ১৪ বছর বয়সী এক কিশোর মঙ্গলবার থানায় ওই ইমামের বিরুদ্ধে মামলা দায়ের করে। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই দিন রাতেই ইমাম আব্দুল্লাহ আল হাদিকে গ্রেফতার করে পুলিশ।
এজাহারের বরাত দিয়ে ওসি আরো বলেন, ওই কিশোরের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য-সহযোগিতা নিয়ে সে মায়ের চিকিৎসার খরচ চালানোর চেষ্টা করছে। মাদরাসা থেকেও সে এ বিষয়ে সহযোগিতা পেয়েছে। মাদরাসার এক শিক্ষকের মাধ্যমে ওই কিশোর সাহায্যের আশায় গত সোমবার দুপুরে শহীদ পার্ক জামে মসজিদের ইমামের কাছে যায়। ওইদিন জোহরের নামাজের পরে নামাজে আসা লোকজন তাকে কিছু সাহায্য করে। ইমাম হাদি আরো সাহায্য করার কথা বলে মঙ্গলবার ভোরে ওই কিশোরকে যেতে বলে। ফজরের নামাজের পর ওই কিশোরকে ইমাম তার রুমে নিয়ে যায়। পরে শরীর মালিশ করার নামে জোর করে সে যৌন নির্যাতন চালায়।