নিয়োগে অনিয়ম ও যোগ্যদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
সহকারী শিক্ষক নিয়োগে অনিয়ম, দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকশনে যোগ্যদের বাতিলের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রশিবির। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধা পৌনে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে। পরে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
এসময় শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.png)
মিছিলে তারা ‘নিয়োগ নিয়ে বাণিজ্য, মানি না মানবো না’, ‘সিন্ডিকেট এর কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘জুলাইয়ের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’, ‘জুলাইয়ের অঙ্গিকার, চাকরি পাবে মেধা যার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাই নাই’ ‘প্লান প্লান কোন প্লান, নিয়োগ বানিজ্যর মাস্টার প্লান’, ‘কৃষি কার্ড ফ্যামিলি কার্ড, চাকরি পাবে কোন কার্ড’ ইত্যাদি স্লোগান দেন।
শাখা শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, বর্তমান সরকার শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবী শিক্ষার্থীদের হয়রানি শুরু করছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা। পুলিশ ভেরিফিকেশনের নামে মেধাবীদের বাদ না দিয়ে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করুন। চাঁদাবাজি, টেন্ডারবাজি বন্ধ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে মনোযোগ দিন।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করে মেধাবীদের নিয়োগ প্রক্রিয়া বেগবান করতে হবে। এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ ও ভাইভায় নম্বর বৃদ্ধির মাধ্যমে দলীয়করণের যে চেষ্টা করা হচ্ছে, তা মেধাবী শিক্ষার্থীরা মেনে নেবে না। অন্যথায় বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ থাকবে।