রাবি তীর্থক নাটকের সভাপতি কাজল, সম্পাদক সাদিকা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তীর্থক নাটকের নতুন ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশারফ হোসেন (কাজল) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাদিকা ইয়াসমিন আশা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনের নিজ মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সভায় এ কমিটি গঠিত হয়।
১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ-সভাপতি রিফাইয়া রাজ্জাক রিফা, সহ-সাধারণ সম্পাদক মো. সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক রাবেয়া বরশী নদী, প্রযোজনা সম্পাদক জয়ন্ত কুমার গায়েন, কোষাধ্যক্ষ স্মরণী রায় লুই, প্রচার সম্পাদক আঁখি সাহা, দপ্তর সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মৃদুল আহমেদ মারুফ ও মাহবুবা তাবাচ্ছুম তিশা।
সভাপতি কাজল বলেন, বর্তমান সময়ের নানা সামাজিক অসংগতি ও সংকটকে নাটকের মাধ্যমে তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা ও দায়বদ্ধতা তৈরি করতে চাই। একই সঙ্গে সুস্থ ও মানবিক সংস্কৃতি চর্চাকে আরও বিস্তৃত করে সাংস্কৃতিক অঙ্গনে তীর্থকের ভূমিকা জোরালো করতে চাই।
তিনি আরও বলেন, তীর্থক নাটক দেশজ, সুষ্ঠু ও স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেবে এবং নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে এমন প্রত্যাশা করি।
সাধারণ সম্পাদক আশা বলেন, সমাজে বিদ্যমান নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ও মানুষকে সচেতন করতে চাই নাটকের মাধ্যমে। একই সাথে সুস্থ ও স্বাভাবিক সংস্কৃতি চর্চার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে জোরালো ভূমিকা রাখতে চাই।
তীর্থক নাটক বিশ্ববিদ্যালয়ের একটি নাটকের সংগঠন। ‘নাটক শুধুই শিল্প নয়, শোষণ মুক্তির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাটকের সংগঠন।
.png)