ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ রাজনীতি ]

কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০, ১০ নভেম্বর ২০২৬
কপ-৩১ থেকে বাংলাদেশের ন্যায্য হিস্যা পাওয়ার আশা রিজভীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল।

তিনি আরও বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এতে মানবজাতি বিপন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। এমন সময়ে প্রধানমন্ত্রীর জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমানোর বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রিজভী বলেন, পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কপ-৩১ থেকে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা করছেন তিনি।

এ সময় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বিশ্বে বাংলাদেশের কার্বন নিঃসরণের পরিমাণ তুলনামূলকভাবে কম। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এ পরিবর্তনের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

তিনি বলেন, যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, বাংলাদেশ কোনো করুণা চায় না, চায় ন্যায়বিচার। অন্য দেশের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!