ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ৪ অক্টোবর ২০২৬
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর
কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি। ছবি: সংগৃহীত

ঝিনাইদহ ও হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, সন্ধ্যায় লালন শাহ মাজার থেকে বের হওয়ার সময় ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তাকে লক্ষ্য করে একজন ডিম ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়। পরে কয়েকজন তাকে ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ধাওয়া করেন। এ ঘটনায় প্রায় ৩০ মিনিট তিনি অবরুদ্ধ ছিলেন বলে জানা গেছে।

এনসিপির নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ করেন। তিনি লেখেন, কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলার ঘটনা ঘটেছে। তার দাবি, বিএনপি সরকারের সময় এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পঞ্চম হামলা।

Advertisement

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বারবার হামলা, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কণ্ঠ স্তব্ধ করা যাবে না। ন্যায়, অধিকার ও আজাদীর যে লড়াই শুরু হয়েছে, কোনো বাধাই তা থামাতে পারবে না।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কয়েকজনকে ‘ধর, ধর’ বলে ধাওয়া করতে দেখা যায়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটির সত্যতা এবং ঘটনার বিস্তারিত স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত ২২ মে জুমার নামাজের পর ঝিনাইদহ পৌর কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীরা হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে। পরে ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার, সোনালী ব্যাংক ও সার্কিট হাউস এলাকায়ও তার ওপর হামলার অভিযোগ ওঠে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!