ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

রাড্ডায় হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জারার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১১, ২৭ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডায় হামলা: পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন জারার
ডা. তাসনিম জারা।

ঢাকার মিরপুরে বেসরকারি স্বাস্থ্যসেবা সংস্থা রাড্ডা এমসিএইচ-এফপির কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা নিয়ে সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ডা. তাসনিম জারা।

বৃহস্পতিবার গভীর রাতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এর পর থেকেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে হামলার কারণ ও এর প্রভাব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন তাসনিম জারাও।

Advertisement

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি প্রায় ৫০ বছর ধরে মিরপুরের দরিদ্র মা ও শিশুদের স্বল্প খরচে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে প্রতিষ্ঠানটির সেবার গুরুত্ব তিনি উপলব্ধি করেছেন বলেও উল্লেখ করেন।

টিকার বিষয়ে উদ্বেগ জানিয়ে তাসনিম জারা বলেন, নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ না করা হলে টিকা নষ্ট হয়ে যেতে পারে। হামলার সময় ফ্রিজ থেকে বের হয়ে যাওয়া বা মেঝেতে পড়ে থাকা টিকাগুলো আর শিশুদের দেওয়া সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, টিকার রেজিস্টার লুট হওয়ায় কোন শিশু কোন টিকা পেয়েছে এবং কার কোন ডোজ বাকি রয়েছে, তা শনাক্ত করতে সমস্যা হতে পারে। এতে অনেক শিশুর পরবর্তী ডোজ নেওয়া ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

হামের প্রাদুর্ভাবের মধ্যে এ হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে জারা বলেন, চলতি সপ্তাহেই ওই কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। টিকাদান শুরুর আগেই কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

রাড্ডা এমসিএইচ-এফপির আলট্রাসনোগ্রাম সেবার প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিষ্ঠানটির দুটি আলট্রাসনোগ্রাম মেশিনও নেই। ফলে অর্থের অভাবে বেসরকারি ক্লিনিকে পরীক্ষা করাতে না পারা এলাকার গর্ভবতী নারীরা এখন কোথায় সেবা পাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

সরকারের কাছে জারার চার প্রশ্ন

পুলিশের ভূমিকা: তাসনিম জারা প্রশ্ন করেন, থানার কাছাকাছি এলাকায় প্রায় ২০০ মানুষ ভারী যন্ত্রপাতি নিয়ে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানোর সময় পুলিশ কী করছিল। ডিএমপি কমিশনারের বক্তব্য অনুযায়ী, ঘটনাটি অল্প সময়ে নয়, সময় নিয়ে করা হয়েছে এবং প্রতিষ্ঠানটির কর্মীরা পুলিশকে খবরও দিয়েছিলেন—উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

জায়গা দখলের চেষ্টা: তাঁর দ্বিতীয় প্রশ্ন ছিল প্রতিষ্ঠানটির জায়গা দখলের অভিযোগ নিয়ে। তিনি দাবি করেন, এর আগেও জায়গাটি দখলের চেষ্টা হয়েছিল। এ ধরনের ঘটনায় কারা জড়িত এবং রাজনৈতিকভাবে কেউ তাদের প্রশ্রয় দিচ্ছে কি না, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এটি বিচ্ছিন্ন ঘটনা কি না: দেশের বিভিন্ন স্থানে জমি ও স্থাপনা দখলের অভিযোগের প্রসঙ্গ তুলে জারা প্রশ্ন করেন, রাড্ডার ঘটনা আদৌ বিচ্ছিন্ন কি না। এসব ঘটনায় দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠলে শুধু বহিষ্কার নয়, আইনগত ব্যবস্থাও নেওয়া প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

টিকাদান কর্মসূচির নিরাপত্তা: হামলার সময় সরকারি ইপিআই টিকা ও টিকার রেজিস্টার লুট হওয়ার বিষয়টি তুলে ধরে জারা প্রশ্ন করেন, ঘটনাটি শুধু একটি বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষতি হিসেবে দেখার সুযোগ আছে কি না। এলাকার শিশুদের কোন টিকা বাকি রয়েছে, তা শনাক্ত করে টিকাদান কার্যক্রম স্বাভাবিক করার দায়িত্ব কে নেবে—স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সেই প্রশ্নও রাখেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!