ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]
স্পিকার সঙ্গে মালদ্বীপ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-মালদ্বীপ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৬, ১৯ নভেম্বর ২০২৬
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে একমত বাংলাদেশ-মালদ্বীপ
ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ ও মালদ্বীপ। এ ছাড়া তৈরি পোশাক, ক্রীড়া, সাংস্কৃতিক বিনিময় এবং সংসদীয় সহযোগিতা বাড়ানোর বিষয়েও দুই পক্ষ আলোচনা করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সৌজন্য সাক্ষাৎকালে এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ এই সম্পর্ককে আরও এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের বন্ধনকে আরও ঘনিষ্ঠ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও মুসলিম ভ্রাতৃত্ববোধ জনগণের মধ্যে বন্ধন তৈরি করেছে। এই সম্পর্ক আরও জোরদার করতে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা এবং দ্বিপাক্ষিক সংসদীয় সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে স্পিকার বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। সে সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিরোধী দলের অনেক নেতা-কর্মী কারাবরণ, গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন বলে তিনি উল্লেখ করেন। পরে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে গণতন্ত্রকামী জনগণ ওই শাসনের অবসান ঘটায়। বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও হাইকমিশনারকে জানান তিনি।

বর্তমান সংসদের কার্যক্রম সম্পর্কে স্পিকার বলেন, সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। পাশাপাশি এবারের সংসদে নারী সদস্যরা আগের তুলনায় বেশি প্রশিক্ষিত ও দক্ষ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ সময় তিনি মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণের আমন্ত্রণ জানান।

মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় দুই দেশের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির দৃঢ় বন্ধন রয়েছে। মালদ্বীপে কর্মরত বাংলাদেশিরা সেখানকার সংস্কৃতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারেন বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি, সংসদীয় ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ এবং বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের প্রসারে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎকালে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!