হিসাবরক্ষককে রড দিয়ে পেটালেন পিয়ন
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের হিসাবরক্ষক মো. হুমায়ূন কবিরকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন একই কার্যালয়ের পিয়ন জুয়েল মিয়া।
পিয়ন জুয়েল মিয়া তার দাবিকৃত বিল না পেয়ে বৃহস্পতিবার হিসাবরক্ষকের কক্ষে ঢুকেই তাকে রড দিয়ে পেটান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আহত হুমায়ূন কবিরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
হুমায়ূন কবির জানান, গত দুইদিন আগে পিয়ন জুয়েল মিয়া ছয় মাসের রিকশাভাড়ার একটি বিল জমা দেন। এই বিল নেয়ার জন্য হুমায়ূনের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। বিল দিতে দেরি করায় গত বুধবার হুমায়ূনকে দেখে নেয়ার হুমকি দেন জুয়েল। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে এসে হুমায়ূনের কক্ষে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করেন জুয়েল। এ সময় কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর সেখান থেকে সটকে পড়েন জুয়েল।
হুমায়ূন কবির আরো জানান, নিয়ম অনুযায়ী যাদের সাইকেল রয়েছে তারা বিল পাবেন না, জুয়েলের সাইকেল থাকার পরও তিনি গত ছয় মাসের রিকশা ভাড়ার বিল জমা দেন। এই বিল পরিশোধে বিলম্ব হওয়ায় আমার ওপর ক্ষুব্ধ হয়ে তিনি হামলা চালান।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. শাহ আলম বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।