ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শতভাগ চিনির তৈরি খাঁটি আখের গুড়

ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১৩:২৩, ১৯ ডিসেম্বর ২০১৯
শতভাগ চিনির তৈরি খাঁটি আখের গুড়
ছবি: ডেইলি বাংলাদেশ

গুড়ে ভেজাল বা রাসায়নিক দ্রব্য মেশানোর অভিযোগ পুরনো। কিন্তু এবার গুড় তৈরিতে চিনি মেশানোর প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটি বলছে এরইমধ্যে কয়েকজনকে জরিমানাও করা হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মূলত আখের গুড় তৈরি হয়। শিবগঞ্জ পৌর এলাকা ছাড়াও দাইপুকুরিয়া, ধাইনগর, চককীর্তি, কানসাট, মোবারকপুর, ছত্রাজিতপুর ইউপিতে আখ উৎপাদিত হয়। সেই আখ মাড়িয়ে গুড় তৈরি হয়। কিন্তু মোবারকপুর, দাইপুকুরিয়া ও ছত্রাজিতপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে চিনি ও রাসায়নিক মিশিয়ে গুড় তৈরির কারবার। শুধু তাই নয় এখন গুড় তৈরিতে পামওয়েলও ব্যবহৃত হয়।

উপজেলা কৃষি অফিস জানিয়েছে, সাত হাজার হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এসব আখ দিয়ে চলছে গুড় তৈরি। কিন্তু গুড়ে মেশানো হচ্ছে চিনি। এছাড়াও রঙ ও হাইড্রোজ মেশানো হচ্ছে। 

ছত্রাজিতপুরের গুড় ব্যবসায়ী হাসান আলী, আলাউদ্দীনসহ অনেকেই জানায়, সাধারণত লাভ বেশির আশায় তারা চিনি দিয়ে গুড় তৈরি করছেন। ৬-৭ লিটার রসে ৫০ কেজির এক বস্তার চিনি মেশানো হয়। চিনি দিয়ে গুড় বানিয়ে সবচেয়ে কমদামে বিক্রি করলেও লাভ দেড়গুণ থেকে দ্বিগুণ হয়ে যায়। কারণ আখ কিনে রস বের করে গুড় তৈরিতে খরচ বেশি হয়। 

তারা আরো জানান, খুব গোপনে তারা এই কারবার করেন। এখানে যারা গুড় উৎপাদন করে তাদের প্রায় সবাই এই অসদুপায় অবলম্বন করেন। এছাড়া গুড়ের রঙ ঠিক রাখতে রঙ ও হাইড্রোজের ব্যবহার হয়।

ভেজাল গুড়ের বিরুদ্ধে শিবগঞ্জের বিভিন্ন এলাকায় এরইমধ্যে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সংস্থাটি বিভিন্ন এলাকায় গুড় তৈরিতে চিনি, রঙ, হাইড্রোজ ও পামওয়েল মেশানোর প্রমাণ পেয়েছে।

শতভাগ চিনির তৈরি খাঁটি আখের গুড়

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, আমরা এমনও দেখেছি ৯০ কেজি গুড় উৎপাদন করতে চিনিই দেয়া হয়েছে ৬০ কেজি। এসব গুড় চাঁপাইনবাবগঞ্জ ছাড়াও দেশের বিভিন্নস্থানে বিক্রির জন্য পাঠানো হয়। 

তিনি আরো বলেন, গুড় তৈরিতে চিনি মেশানো ভোক্তা অধিকার সংরক্ষণ আইনানুযায়ী অপরাধ। এই অপরাধে বেশ কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করা হয়েছে। অভিযানের পর দুই-একদিন বন্ধ রেখে আবারো ভেজাল মেশানো শুরু হয়। 
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!