ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তিপণ নেয়ার সময় আটক তিন জলদস্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৩, ২৯ নভেম্বর ২০১৯
মুক্তিপণ নেয়ার সময় আটক তিন জলদস্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুর পাঁচ জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়কালে আটক তিন জলদস্যুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দেবনাথ সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

জলদস্যুরা হলেন- ভোলার চরজঙ্গলা এলাকার হানিফ মিয়ার ছেলে কামাল, রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে জাকির হোসেন ও ছায়েদ মিয়ার ছেলে শিপন।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নৌ-পুলিশ সদস্যরা মেঘনা নদীতে নিয়মিত টহলে যান। এ সময় সদর উপজেলার চররমনী মোহন ইউপির মেঘনা নদীর দ্বীপ চরমেঘাতে পাঁচ জেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে খবর পাওয়া যায়। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল গিয়ে জেলেদের উদ্ধার ও জলদস্যুদের আটক করে। তাদের থেকে একটি দা, দুইটি লাইট, একটি দড়ি, চারটি কিরিচি, একটি লাঠি ও একটি হ্যাজাক লাইট উদ্ধার করা হয়। 

Advertisement

উদ্ধার জেলেরা হলেন- ভোলার দৌলতখাঁ উপজেলার মিজির হাট গ্রামের জামাল হোসেন, ভবানিপুর গ্রামের নীরব মাঝি, তজুমুদ্দিন উপজেলার সোনাপুর গ্রামের মিজান মাঝি, দেওয়ানপুর গ্রামের অহিদ উল্ল্যা ও ভোলাইকান্দি গ্রামের মিরাজ মাঝি।

মজুচৌধুরীর হাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দেবনাথ জানান, জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করা হচ্ছে খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তিন জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোসলেহ উদ্দিন বলেন, জলদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের শুক্রবার (২৯ নভেম্বর) সকালে আদালতে সোপর্দ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!