ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৫, ১৪ সেপ্টেম্বর ২০২৬
কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালালেন আওয়ামী লীগ নেতা
কুলিয়ারচর আওয়ামীলীগ নেতা রিনু মিয়া। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ পালিয়ে গেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতা। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাধবদী এলাকায় এ ঘটনা ঘটে।

পলাতক রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি মাধবদী এলাকার ইল্লাত মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় কুলিয়ারচর থানায় রেনু মিয়ার বিরুদ্ধে মামলা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Advertisement

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বাড়ির আশপাশে স্থানীয় লোকজন জড়ো হন। একপর্যায়ে মানুষের ভিড়ের সুযোগ নিয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু তিনি কৌশলে হ্যান্ডকাপসহ পালিয়ে যান। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

পুলিশের দাবি, পলাতক রেনু মিয়াকে পুনরায় গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ//এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!