ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী, সমস্যা সমাধানের আশ্বাস

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৯, ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী, সমস্যা সমাধানের আশ্বাস
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পুতুল। ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

পরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা নিতে গিয়ে তারা কোনো সমস্যা বা অসুবিধার মুখোমুখি হচ্ছেন কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।

Advertisement

পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হলরুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

ফারজানা শারমিন পুতুল বলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হকের মাধ্যমে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে নোট পেয়েছেন। যেসব সমস্যা রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী বাগাতিপাড়া উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করেন। এ ছাড়া উপজেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দ করা সরকারি অর্থের অনুদানের চেক এবং সেলাই মেশিন বিতরণ করেন তিনি।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন।

কর্মসূচিগুলোতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদ হাসান, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নেকবার হোসেন, বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জামাল উদ্দিন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু রায়হান ও ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানাসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

ডেইলি-বাংলাদেশ/নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!