ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৭, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত দুজন। ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চর মানিকা ইউনিয়নের উত্তর চর মানিকা ১ নম্বর ওয়ার্ডের মোল্লার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম বেপারীর পক্ষের লোকজন আবু তাহের মাঝির ছেলে মিজান (২৮), নুরে আলম (২৫) ও মিজানের স্ত্রী রেসমা বেগমকে (২৩) দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে মারধর এবং কুপিয়ে আহত করেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Advertisement

আহত মিজান অভিযোগ করে বলেন, কালাম বেপারীর ছাগল তাদের একটি গাছের পাতা খাচ্ছিল। এ সময় তার ছোট সন্তান ছাগলটিকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কালাম বেপারী ও তার লোকজন তাদের ওপর চড়াও হন। কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দা, বটি ও লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

মিজান আরও অভিযোগ করেন, তারা বেড়িবাঁধের পাশে বসবাস করেন এবং দরিদ্র। কালাম বেপারী তাদের সরকারি খাস পুকুর ব্যবহার করতে দিচ্ছেন না। তার অত্যাচারে স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ হয়ে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রস্তুতি নিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!