পিএসটিইউ সারভ্যাইকাল ডিভাইস উদ্ভাবন করলেন পবিপ্রবি শিক্ষক
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের মেডিসিন, সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. অসীত কুমার পাল পিএসটিইউ ভ্যাজাইনো সারভ্যাইকাল ডিভাইস নামে একটি ডিভাইস (যন্ত্র) উদ্ভাবন করেছেন।
সোমবার দুপুর ১২টায় এক সংবাদ সম্মেলনে তিনি এই যন্ত্র সম্পর্কে বিস্তারিত বলেন।
এই যন্ত্র উদ্ভাবনে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল পাইপ (১.০০এমএম) যা পরিমাপে প্রাণির প্রজাতি অনুসারে তৈরি করা হয়েছে।
বড় উন্নত জাতের গরু/মহিষের জন্য পরীক্ষণ পাইপের পরিমাপ হবে দৈর্ঘ্য ১২"×ব্যাস ২"। মধ্যম জাতের জন্য পরিমাপ হবে দৈর্ঘ্য ১০.০"×ব্যাস ১.৫"।

ছোট দেশী জাতের জন্য দৈর্ঘ্য ৮.০"×ব্যাস ১.০" হবে। বড় উন্নত জাতের ভেড়া/ছাগলের জন্য পরিমাপ হবে দৈর্ঘ্য ৬.০"×ব্যাস ০.৭৫"।
ছোট দেশী জাতের জন্য দৈর্ঘ্য ৬.০"×০.৫" পরীক্ষণ পাইপ ব্যবহার করতে হবে।
এই যন্ত্রটি সাধারণ প্রাণির সারভিক্সের বর্হিমুখ দেখতে, সারভ্যাইকাল কৃত্রিম প্রজননে সহায়তা, ভ্যাজাইনাল ও সারভ্যাইকাল প্রদাহ দেখতে, বাচ্চা প্রসবের সময় জরায়ুর মুখ খুলছে কি না তা পর্যবেক্ষণে, জরায়ু থেকে সংক্রামক দূষিত পদার্থ অপসারণে সহায়তা করবে।
এই যন্ত্রটি ব্যবহারে প্রানির শরীরের উপর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আকৃতি অনুসারে এই যন্ত্রটির মূল্য ধরা হয়েছে ২০০-৫০০টাকা।
এসময় আরো উপস্থিত ছিলেন অনুষদীয় ডিন অধ্যাপক ড. মোঃ মামুন -অর- রশিদ, মেডিসিন, সার্জারী এন্ড অবসক্টেটিস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আনিসুর রহমান , সহযোগী অধ্যাপক ড. লালমদ্দীন মোল্লা, সহযোগী অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, ডা. এস. এম হানিফ, ডাঃ দীপা পাল।