[ দেশজুড়ে ]
পছন্দের বউ, তবুও বাসর রাতে বর উধাও!
আব্দুল কাদির শুকুর। ছবি: ডেইলি বাংলাদেশ
মৌলভীবাজারের জুড়ীতে ভালোবেসে পছন্দের বউকে ঘরে তুলেছিলেন। তবে বাসর রাতেই নিজ বাড়ি থেকে উধাও হয়ে গেছেন বর!
গেল শুক্রবার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুরের চাক্কাটিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ বরের নাম আব্দুল কাদির শুকুর (২৭)। তিনি ওই গ্রামের চরু মিয়ার ছেলে।
নিখোঁজের ভাই নুর জানান, স্থানীয় বাছিরপুর ইবতেদায়ী মাদরাসায় সহকারী হিসেবে কর্মরত ছিলেন শুকুর। প্রায় ছয় মাস আগে জায়ফরনগর ইউনিয়নের কাটানালারপার গ্রামের এক মেয়েকে পছন্দ করে বিয়ে করেন।
তিনি আরো জানান, শুক্রবার রাতে কনেকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে উঠিয়ে আনা হয়। রাত ১২টার দিকে কনেকে বাথরুমে যাওয়ার কথা বলে শুকুর ঘর থেকে বের হয়। দীর্ঘ সময় পরও সে নিজের কক্ষে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরে বাথরুমের কাছে শুকুরের পায়ের জুতা ও গেঞ্জি পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সর্দার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিখোঁজের ঘটনায় তার ভাই নুর ইসলাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শুকুরকে খুঁজে বের করতে অভিযান চলছে।
ডেইলি বাংলাদেশ/জেডআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!